জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যের নির্বাহী কমিটি গঠন
জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীকে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, ভূমি সচিব, পানি সম্পদ ও খনিজ সম্পদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, শিল্প সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর নির্বাহী পরিচালক, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে নাগরিক সমাজের দুজন বিশেষজ্ঞ প্রতিনিধি।
আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) নির্বাহী কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাহী কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে— বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে জাতীয় পরিবেশ নীতির বাস্তবায়ন পর্যালোচনা ও তদারকি করা, পরিবর্তিত প্রেক্ষাপটে নীতির বাস্তবায়ন কার্যক্রম বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধনী সুপারিশ দেওয়া, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সমস্যার সমাধানে প্রাথমিক উদ্যোগ নেওয়া এবং প্রয়োজনে সেগুলো জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির কাছে উপস্থাপন করা।
এ ছাড়া জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও তদারকি করা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়াও নির্বাহী কমিটির দায়িত্বের মধ্যে থাকবে।

